নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আট, আটক ১৩

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:১০

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধে আট জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আলীপুরা গ্রামের শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী, একই গ্রামের গহর আলী, মিছির আলী, কাউছার, মেহেদী, অহর উদ্দিন ও অজ্ঞাতপরিচয় একজন।

জানা যায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার মধ্যে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। গতকাল দুই পক্ষের লোকজন টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ সংঘর্ষ বাধে।

এদিকে গতকাল সন্ধ্যায় নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, ১৩ জনকে আটক এবং পাঁচ শত টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।