নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে ৫ জন নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০০:১০

নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে কমপক্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। অগ্ন্যুত্পাতের কয়েক মূহুর্ত আগেও হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরির জ্বালামুখের সীমানার মধ্যে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পুলিশ জানিয়েছে, সোমবার আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে বিদেশি পর্যটকসহ প্রায় ৫০ জন অবস্থান করছিলেন। তারা ২৩ জনকে উদ্ধারে সমর্থ্য হলেও পাঁচজন নিহত হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই উদগিরিত ছাই শূন্যে কয়েক হাজার ফিট উপরে উঠে যায়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন। যাদের উদ্ধার করে আনা হয়েছে তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যেই দ্বীপটিকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। -বিবিসি