মাইক্রোসফট সার্ভিস এবং ক্লাউড সেবায় ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি হওয়া পাসওয়ার্ড ব্যবহার করছেন। বিভিন্ন সময় হ্যাকারদের কবলে পড়া ডাটায় এসব পাসওয়ার্ড রয়েছে। গত সপ্তাহে মাইক্রোসফট সিকিউরিটির প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে ভয়ংকর এ তথ্য উল্লেখ করা হয়েছে।
থার্ড পার্টি সোর্সের মাধ্যমে চুরি যাওয়া ৩০০ কোটির বেশি অনলাইনে পরিচয়জ্ঞাপক তথ্য (ক্রেডেনশিয়াল) বিশ্লেষণ করেছে মাইক্রোসফট। এরপর সেসব তথ্য মাইক্রোসফট করপোরেশনের বিভিন্ন সেবা ব্যবহারকারীর ক্রেডেনশিয়ালের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে।
তাতে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত মাইক্রোসফট সার্ভিসেস অ্যাকাউন্ট এবং অ্যাজার অ্যাড অ্যাকাউন্টের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারীর সঙ্গে চুরি যাওয়া তথ্য মিলে গেছে। এসব ব্যবহারকারীকে পরে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকার বা অন্য অপরাধীরা যখন খোয়া যাওয়া বা দৈবচয়নে ব্যবহারকারীর ক্রেডেনশিয়াল হাতে পেয়ে যায়, তখন তারা দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। এক্ষেত্রে আক্রমণকারী ওই ক্রেডেনশিয়াল ব্যবহার করে ব্যবহারকারীর অন্য অ্যাকাউন্টগুলোতে প্রবেশের চেষ্টা করে। ফলে এটা মিলে গেলে আক্রমণের শিকার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বস্ব লুট হয়ে যেতে পারে।
সূত্র : জেটডিনেট ডটকম
