আজ অলিখিত ফাইনাল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচটা যেভাবে দারুণ ক্রিকেট উপহার দিয়ে জয় পেয়েছিল ভারত, দ্বিতীয় ম্যাচে ঠিক সেভাবেই তাদের মাটিতে নামিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের বড়ো জয় দিয়ে ক্যারিবিয়ানরা প্রমাণ করে ফেলেছে যে স্রেফ দর্শক হয়ে থাকতে ভারতে আসেনি তারা। ভারতের বিখ্যাত পেস আক্রমণও খুব একটা পাত্তা পায়নি। আজ তৃতীয় টি-টোয়েন্টি, তাই দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। যারা জিতবে, তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি।

সিরিজ জয়ের জন্য মরিয়া দুই দলই। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন, নিজেদের দোষেই নিজেদের মনোযোগ থেকে সরে গিয়েছে তার দল। তবে মনোযোগ ফিরিয়ে সিরিজ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমাদের শুরুটা দারুণ ছিল। বড়ো স্কোর তাড়া করে ম্যাচ জিতেছি। কিন্তু দ্বিতীয় ম্যাচে আমাদের ভাগ্য সহায় ছিল না। ব্যাটিংয়ে ৩০ রান কম হয়েছে। বোলিং-ফিল্ডিং খুবই বাজে ছিল। তবে তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী। সিরিজ জয়ের লক্ষ্যে মুম্বাইয়ে তিন বিভাগেই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।’

দারুণ এক জয় পাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ এখন আরো বেশি আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, টি-টোয়েন্টি সিরিজে ভারতকে হারানো অসম্ভব নয়। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা অসাধারণ এক দল। নিজেদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের এই দলে মারমুখী ব্যাটসম্যান রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে জয় ছিনিয়ে নিতে পারে। দ্বিতীয় ম্যাচে সিমন্স এক প্রান্ত আগলে দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছে। তৃতীয় ম্যাচেও দল ভালো করবে বলে আমি আশাবাদী। সিরিজ জয়ের জন্য সতীর্থরা মুখিয়ে আছে।’

আর আজকের ম্যাচটা জিতলেই অনন্য এক ইতিহাস গড়ে ফেলবে ক্যারিবিয়ানরা। সেক্ষেত্রে তারাই প্রথম ও একমাত্র দল হিসেবে ভারতের মাটিতে গিয়ে টি-টোয়েন্টি বিজয়ী দল হয়ে যাবে। আর এই ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে চাইলে পোলার্ডরা আত্মবিশ্বাসী হতে পারেন অতীত থেকেও।

মুম্বাইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ক্যারিবিয়ানরা হারিয়েছিল ভারতকে। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল দলটি। আজও সেই সুখস্মৃতি দলটি ফিরিয়ে আনতে পারবে কি না, সেটা জানার জন্য অবশ্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।