তবুও আত্মবিশ্বাসী কুমিল্লা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু বিপিএলের ছয়টি দলের স্পন্সর পেয়েছে বিসিবি। একমাত্র কুমিল্লা ওয়ারিয়র্স দলটির জন্য স্পন্সর পাওয়া যায়নি। দলটির তত্ত্বাবধান করছে খোদ বিসিবি।

টুর্নামেন্টের জন্য সবার পরে অনুশীলনে নেমেছে কুমিল্লা। দুদিন জার্সি ছাড়া অনুশীলন করেছে দলটি। গতকালই জার্সির সঙ্গে হেড কোচ ওটিস গিবসনকেও পেয়েছে কুমিল্লা। তারপরও টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত পরিপূর্ণ হতে পারেনি দলটি। এসএ গেমসে খেলার কারণে গতকালও চার ক্রিকেটারকে ছাড়াই অনুশীলন করেছে কুমিল্লা। গতকাল দেশে ফেরা সৌম্য সরকাররা অবশ্য আজ কুমিল্লার হয়ে মাঠে নামবেন।

বাকি দলগুলোর তুলনায় কিছুটা অগোছালো কুমিল্লা দল হিসেবে হতোদ্যম নয়। দলের পেসার আল-আমিন হোসেনের মতে, তাদের দলটা ভারসাম্যপূর্ণ। চার ক্রিকেটার টি-২০ খেলার মধ্যে ছিলেন বলে দল হিসেবে কুমিল্লাই নাকি এগিয়ে।

সপ্তম আসরের শুরুর দিনেই মাঠে নামছে কুমিল্লা। আজ দিনের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্সের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

সাব্বির রহমান-সৌম্যরা থাকলেও কুমিল্লা অধিনায়ক করেছে শ্রীলঙ্কান দাসুন শানাককে। রংপুর রেঞ্জার্সও নেতৃত্বের ভার তুলে দিয়েছে বিদেশি ক্রিকেটারের হাতে। আফগান অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী নেতৃত্ব দেবেন রংপুরের।

আল-আমিনের আত্মবিশ্বাস, তারুণ্যে ঠাসা কুমিল্লা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে। বল হাতে আফগান স্পিনার মুজিব উর রহমান হবেন দলের বড়ো ভরসা। আছেন অভিজ্ঞ ডেউইড মালান। দেশীয়দের মধ্যে তরুণ ইয়াসির আলী, আবু হায়দার রনি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, ফারদিন হোসেনরা রয়েছেন।

অনুশীলনে সবাইকে না পাওয়া সম্পর্কে গতকাল আল-আমিন হোসেন বলেছেন, ‘এসএ গেমস খেলতে গেছে অনূর্ধ্ব-২৩ দল। ওখানে আমাদের চার জন ক্রিকেটার আছে। ওরা তো টি-টোয়েন্টি খেলার মধ্যেই আছে। বরং আমরাই এগিয়ে আছি। কারণ চার জন ক্রিকেটার টি-টোয়েন্টি খেলে এসেছে। এসে ম্যাচ খেলবে। আমাদের জন্য আরো ভালো হবে।’

আজ রংপুরের বিরুদ্ধে জমাট লড়াইয়ের আশা করছেন আল-আমিন। তিনি বলেন, ‘আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ। অবশ্যই মাঠে প্রতিযোগিতামূলক একটা ম্যাচ হবে।’

আজ কুমিল্লার জন্য বড়ো পরীক্ষা হবে রংপুরের পেস আক্রমণ। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, পাকিস্তানের জুনায়েদ খানকে নিয়ে গড়া রংপুরের পেস বিভাগ। নবীর মতো কার্যকর অফস্পিনারও আছেন দলটিতে।

তরুণ নাঈম শেখ, জাকির হাসান, সঞ্জিত সাহাদের সঙ্গে অভিজ্ঞ আরাফাত সানি, জহুরুল ইসলাম, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী আছেন রংপুর শিবিরে। আফগান উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্টরা খেলবেন বিদেশি কোটায়। নবীর আশা, তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে ভালো কম্বিনেশন খুঁজে পাবে রংপুর। এবং টুর্নামেন্টে দল হিসেবে সেরাটা দিবে।

মুস্তাফিজ-তাসকিনদের নিয়ে গড়া পেস বিভাগ নিয়ে আশাবাদী রংপুরের অধিনায়ক। গতকাল নবী বলেছেন, ‘হ্যাঁ, এটা আমাদের বোলিং বিভাগের জন্য একটি ভালো সুবিধা। ওরা থাকায় আমাদের দল একটি ভালো শক্তিশালী বোলিং ইউনিট হিসেবে খেলতে পারবে। জুনায়েদ খান আছে সেও খুবই ভালো। এটা একটি শক্তিশালী বোলিং বিভাগ। আমরা কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এবং বোলিংটা ভাল করতে চেষ্টা করব।’

মুস্তাফিজের ফর্মহীনতা নিয়ে চিন্তিত নন নবী। তার আশা, দ্রুতই ছন্দে ফিরবেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা রয়েছে বলে টুর্নামেন্টে ভালো করতে বেশ আত্মবিশ্বাসী এই আফগান অলরাউন্ডার।