স্পোর্টস রিপোর্টার
ফুটবলে নেপালই স্বর্ণপদক জয় করেছে। গতকাল বিকালে দশরথের মাঠে অনুষ্ঠিত ফাইনালে নেপাল ২-১ গোলে ভুটানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। ভুটান অনেক স্বপ্ন নিয়ে প্রথমবার গেমস ফুটবলের ফাইনালে উঠল। কিন্তু স্বাগতিক নেপালের মাঠে পেরে উঠল না। গোল হজম করে গোল করে সমতা এনে গর্জন করলেও ভুটানকে থামিয়ে দিয়েছে দ্বিতীয়ার্ধের জয়সূচক গোলটি। রাউন্ড রবিন লিগের খেলায় নেপাল ৪-০ গোলে হারিয়েছিল ভুটানকে। গেমস ফুটবলে এবার নিয়ে ৪ বার চ্যাম্পিয়ন হলো নেপাল। ভুটান ২০০৪ সালে চতুর্থ হয়েছিল। এবার রানার্সআপ হয়ে সর্বোচ্চ সাফল্য পেল ভুটান। তবে ভুটান এবারের এসএ গেমসে একটি স্বর্ণপদকও জয় করতে পারেনি।
