ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ

দ্বিতীয় দিনেও চরম দুর্ভোগে যাত্রীরা!

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২১

ময়মনসিংহ প্রতিনিধি

বিভিন্ন সড়কে বিআরটিসি বাস সীমিত চলাচলের দাবিতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বৃহত্তর ময়মনসিংহের পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার চলছে বন্ধের দ্বিতীয় দিন। বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে একদফা বৈঠক হলেও সুরাহা হয়নি।

একাধিক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানায়, ময়মনসিংহ বিআরটিসি বাস ডিপো থেকে এ অঞ্চলের বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস সার্ভিস চালু করে বিআরটিসি কর্তৃপক্ষ। সম্প্রতি তারা ময়মনসিংহ-নেত্রকোনা সড়কেও বিআরটিসি বাস সার্ভিস চালু করে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা আপত্তি জানায়। গত তিন দিনেও বিআরটিসি বাস চলাচল বন্ধ না করায় অন্য বাস মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যার ফলে তারা গত সোমবার বেলা সাড়ে ৩টা থেকে শহরের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী এবং পাটগুদাম বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জ, ভৈরব, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ধোবাউড়া, শেরপুর, যশোহর, বগুড়া রাজশাহীসহ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা। এসব অঞ্চলে মঙ্গলবারও বাস চলাচল বন্ধ ছিল। মাসকান্দা বাস টার্মিনালের বাস চালক ফারুক জানান, পরিবহন মালিকদের সিদ্ধান্তেই তারা বাস চালাচল বন্ধ রেখেছেন। পাটগুদাম বাস টার্মিনালের শ্যামলছায়া পরিবহনের টিকিট মাস্টার মোবারক হোসেন জানান, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা  শুরু থেকে বিআরটিসি বাস সার্ভিস বন্ধের দাবি জানিয়ে আসছিল।

 এ ব্যাপারে জেলা মোটর মালিক সমিতির সম্পাদক (কোচ বিভাগ) সোমনাথ সাহা বলেন, ‘গত রবিবার আমাদের শ্রমিককে বিআরটিসির চালক ও শ্রমিকরা মারধর করে। পরে আমরা বৃহত্তর ময়মনসিংহের বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সোমবার বিকাল থেকে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছি।