ফিশিং ট্রলারসহ ১৪ জেলে আটক

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাতে মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৫ নিটক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ ভারতীয় জেলেদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি ভারতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। এ সময়ে এফবি মা-আম্বিয়া-২ নামের ভারতীয় ফিশিং ট্রলারে থাকা ১ হাজার ২২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও জাল-দড়ি জব্দ করা হয়।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর গোয়েন্দা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি মা-আম্বিয়া-২ নামের একটি ফিশিং ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমার ফেয়ারওয়ে বয়া এলাকায় ঢুকে পড়ে মাছ ধরছিলেন।

তখন ঐ এলাকায় টহলরত কোস্ট গার্ড সদস্যরা তাদের আটক করে মোংলায় নিয়ে আসেন। পরে তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়।  মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটককৃত ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।