নানা স্থানে হানাদার মুক্ত দিবস উদ্যাপন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৬

ইত্তেফাক ডেস্ক

বিজয় র্যালিসহ নানা আয়োজনে মঙ্গলবার বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে মুক্ত দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ময়মনসিংহ : ছোটবাজার মুক্তিযোদ্ধা সরণিতে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে বিজয় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাত দিনব্যাপী মুক্তমঞ্চ ও র্যালি উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতান মনি, বিভাগীয় কমিশনার খোন্দকার মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।

নড়াইল : গণকবর, বধ্যভূমি, বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, নড়াইল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধাদের সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমি এবং  চিত্রা থিয়েটার। পরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল ইউনিট কমান্ডের আয়োজনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রশিদের (রাজস্ব) সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী  কে এম খালিদ এমপি। 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।

ঘাটাইল (টাঙ্গাইল) : শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আতাউর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

রায়পুরা (নরসিংদী) : বর্ণাঢ্য র্যালি বের করে সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ রায়পুরা উপজেলা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেক্টর কমান্ডারস ফোরাম-৭১ রায়পুরা উপজেলার সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।