কুষ্টিয়া ইসলামিয়া কলেজ
একাডেমিক ও প্রশাসনিক
কাজে স্থবিরতা
মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ নিয়ে টানাহেঁচড়া চলছে কয়েকবছর ধরে। অধ্যক্ষ নওয়াব আলীর এমপিও স্থগিত টানা চার বছর ও প্রায় এক বছর সাময়িক বরখাস্ত উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন। মামলা-মোকদ্দমাসহ আইনি নানা জটিলতায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। ফলে শিক্ষকবৃন্দের অসন্তোষসহ কলেজটির একাডেমিক ও প্রশাসনিক কাজে নেমে এসেছে অনেকটা স্থবিরতা।
কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী জিনিয়া সুলতানাসহ অনেক শিক্ষার্থী জানান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্রুত নিষ্পত্তিপূর্বক প্রাতিষ্ঠানিক সব কাজকর্মে গতিশীলতা ফিরিয়ে না আনলে শিক্ষার পরিবেশ ফিরে আসবে না।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোমেনা ইয়াসমিন বলেন, ‘আদালতের নির্দেশে অধ্যক্ষ স্বপদে বহাল এবং তার রিট মামলাটি উচ্চ আদালতে বিচারধীন। অপরদিকে সাময়িক বরখাস্ত উপাধ্যক্ষের বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত ও আদালতের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করি।’
অধ্যক্ষ নওয়াব আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’ কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ শামসুর রহমান বাবু বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। কোনো অনিয়ম সহ্য করা হবে না।’
