ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
আগামী ১ জানুয়ারি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ৬৮ হাজার ৭৮টি নতুন বই বিতরণ করা হবে। পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নে মাধ্যমিকে ৩৮, মাদ্রাসায় ৩৮ ও প্রাথমিকে ১৬৪সহ মোট ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উত্সবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হবে। ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বছরের প্রথম দিন মাধ্যমিকে ১০ হাজার ৩৫০ শিক্ষার্থী পাবে ১ লাখ ৪৯ হাজার ৯৫৫টি বই এবং মাদ্রাসায় (দাখিলে) ৬ হাজার ১০০ শিক্ষার্থী পাবে ৮৮ হাজার ৪১০, ইবতেদায়ি ৫ হাজার ৭৫০ শিক্ষার্থী পাবে ৪১ হাজার ৬০০ বইসহ মোট ২ লাখ ৮৩ হাজার ১৬৯টি বই উপজেলা থেকে এবং ভোকেশনালে ১৭২ শিক্ষার্থীর ৩ হাজার ২০৪টি বই জেলা থেকে সরবরাহ করা হবে। এদিকে প্রাথমিকে পৌরসভা ও বাকি ছয়টি ইউনিয়নসহ উপজেলায় মোট ১৬৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ১৯ হাজার শিক্ষার্থী ৮১ হাজার ৭০৫টি বই পাবে। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে বলে জানান ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ।
