বেরোবি সংবাদদাতা
মহান বিজয় দিবসকে সামনে রেখে লাল সবুজের মহোত্সব পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘বঙ্গবন্ধু পরিষদ’। এ মহোত্সবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে রংপুর নগরীর মডার্ন মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উত্সব শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও স্বাধীনতাবিরোধীরা সোচ্চার হয়ে আছে সব জায়গায়। তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত রেখে যাওয়া কাজকে সম্পূর্ণ করতে বাধা প্রদান করছে। এমনকি এ বিশ্ববিদ্যালয়েও কাজ করতে বাধা দিচ্ছে।
তিনি আরো বলেন, “বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম আড়াই বছর আগে। তার একটিও বাস্তবায়ন করা হয়নি। এ সময় তিনি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু’ ও ‘বেগম রোকেয়া’র প্রতিকৃতি স্থাপন করার ঘোষণা দেন।”
সমাবেশ শেষে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
