কুমিল্লা সিটি করপোরেশনের জন্ম ২০১১ সালের ১০ জুলাই। কুমিল্লার প্রধান সমস্যা ছিল জলাবদ্ধতা। সিটি করপোরেশন প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। ফলে টানা এক ঘণ্টা বৃষ্টি হলে পানিতে সয়লাব হয় নগরীর গুরুত্বপূর্ণ বহু এলাকা। আর এ থেকে মুক্তির জন্য গত আড়াই বছর ধরে জাপানি উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে পুরো নগর জুড়ে ড্রেন নির্মাণ অব্যাহত থাকলেও অপরিকল্পিতভাবে কাজ হওয়ায় জলাবদ্ধতা নিরসনে সেগুলো কোনো কাজেই আসছে না।
পরিচ্ছন্ন নগরী হিসেবে একসময় কুমিল্লার পরিচিতি থাকলেও হালে সেই অবস্থান নেই। তবে সবকিছুকে ছাপিয়ে যে সমস্যাটি সর্বাধিক প্রকট সেটা জলাবদ্ধতা। অভিযোগ রয়েছে, সুষ্ঠু তদারকি না থাকায় নগরীর একাধিক এলাকায় বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণের কাজ শেষ করা হয়। অনেক স্থানে মাধ্যখানে খালি রেখেই দীর্ঘ বছর ধরে পড়ে আছে ড্রেনের অসমাপ্ত অংশ। এছাড়া অনেক জায়গার বড়ো ড্রেনগুলো ছোটো করে ফেলা হয়েছে। আবার কোথাও ড্রেনের স্লাবগুলো ভেঙে পানি প্রবাহ বন্ধ রয়েছে। ফলে বৃষ্টির পানি সরতে না পারায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনগুলো কোনো কাজে আসছে না। দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, ড্রেন নির্মাণের সময় সংশ্লিষ্ট ঠিকাদাররা কোনো নিয়ম না মেনে দ্রুত ড্রেনগুলো তৈরি করে ফেলে। এতে ড্রেনগুলো এরই মধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে; কিন্তু ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, নগরীর বিভিন্ন স্থানে ড্রেনের মাধ্যখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণ এবং অসমাপ্ত ড্রেনের কাজ শেষ করে জলাবদ্ধতা থেকে মুক্তি দিন নগরবাসীকে।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
