বগুড়া-নওগাঁ মহাসড়কের ১২ কিলোমিটার অংশের কাজ ৩২ মাসেও শেষ হয়নি! কার্পেটিং ওঠা ভাঙাচোরা এ সড়কে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এ সড়কে দুর্ঘটনাসহ যানবাহন বিকল হওয়ার ঘটনা বেড়েই চলেছে। উত্তরাঞ্চলের ব্যস্ততম আঞ্চলিক মহাসড়ক এটি। ২০১৭ সালে একনেক সভায় এই আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজের অনুমোদন দেওয়া হয়। ঐ বছরের এপ্রিল মাসে বগুড়া থেকে নওগাঁ পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ শুরু করে দুটি নির্মাণ প্রতিষ্ঠান। দুই বছরের মধ্যে বগুড়া থেকে বোয়ালিয়া পর্যন্ত রাস্তার কাজ শেষ হয়। একই সময়ে বোয়ালিয়া থেকে সান্তাহার পর্যন্ত সড়কের কাজ শুরু হলেও শেষ আর হয়নি। এ অংশে কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় আদমদীঘি অভ্যন্তরীণ সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কার্পেটিং উঠে গিয়ে মাটি দেবে সড়ক উঁচুনিচু খানাখন্দকে রূপ নিয়েছে। বর্ষায় কাদাপানি, শুকনো মৌসুমে ধুলা-বালিতে একাকার হয়ে গেলে যানবাহন চলে কচ্ছপগতিতে। সড়কের দীঘস্থায়ী দুরবস্থার কারণে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। পরিশেষে, গুরুত্বপূর্ণ এ সড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া
