বিএনপির আমলে সংখ্যালঘুদের কোনো নির্যাতন করা হয়নি দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে নাগরিকত্ব আইন পাশের সময় বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে এবং অনুপ্রবেশ ঘটেছে। তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির আমলে সংখ্যালঘুর স্বার্থ রক্ষা করা হয়েছে। কোনো নির্যাতন হয়নি। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের আমলে যতটা হয়েছে, তা আর কখনো হয়নি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত বিএনপির র্যালি পুলিশ করতে না দেওয়ায় সংবাদ সম্মেলনে করেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের এখন প্রতিমুহূর্তে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ১০ বছরে দেড় হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যা হয়েছে। বিএনপির হিসাবে তা ২ হাজারের বেশি। ১ লাখের ওপরে রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা দেওয়া হয়েছে। এখন দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখানে যে ব্যক্তি ভিন্ন মত পোষণ করেন, তাকে হয় গ্রেপ্তার করা হয়, না হয় গুম করা হয়।
