ফতুল্লায় এক কিশোরী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মডেল থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ তথ্য জানান। এ ঘটনায় ঐ কিশোরী সোমবার রাতেই ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজ উদ্দিনের ছেলে রাসেল, মৃত রুকু মিয়ার ছেলে সুজন (২৩), মৃত খোরশেদ আলমের ছেলে শাহাদাত্, ফরিদ মিয়ার ছেলে সুমন, হাদিসুর রহমানের ছেলে রবিন, আবদুল লতিফের ছেলে মো. আল আমিন। তারা প্রত্যেকেই ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা ও এলাকার চিহ্নিত বখাটে।
মনিরুল ইসলাম জানান, ঐ কিশোরী স্থানীয় একটি কয়েল কারখানায় কাজ করে। সোমবার সন্ধ্যা ৬টায় কাজ শেষে চাচাতো ভাইয়ের সঙ্গে ফেরার পথে বখাটে রাসেল ও তার সহযোগীরা পথরোধ করে। কিশোরীর চাচাতো ভাইকে মারধর করে সঙ্গে থাকা ৩ হাজার ৪০০ টাকা নিয়ে নেয়। সন্ত্রাসী আলামীন ঐ কিশোরী শ্রমিককে রবিন ও সুমনের হাতে টাকার বিনিময়ে তুলে দেয়। পরে ঐ কিশোরীকে একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ৯৯৯ এ খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয় ধর্ষককে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান জানান, আসামিদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
