প্রবৃদ্ধি মানেই উন্নয়ন নয় :মারিও পিজনি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

একটি দেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মানেই সেই দেশের উন্নয়ন হচ্ছে, তা নয়। প্রকৃত উন্নয়ন পরিমাপ করতে হলে সমাজের পিছিয়ে থাকা মানুষরা কতটুকু এগোচ্ছে সেটি দেখতে হবে। সেই সঙ্গে তাদের উত্পাদনশীলতা কতটা বাড়ছে, তাদের আয় বা মজুরি কতটা বাড়ছে তা দেখতে হবে। রাষ্ট্রীয় সেবা অর্থাত্ শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন খাত থেকে জনগণ কতটুকু উপকৃত হলো সেটিও বিবেচনা করতে হবে। গতকাল মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সেন্টারের পরিচালক মারিও পিজনি। উন্নয়ন ধারণা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজনীতিকদের উন্নয়ন ভাবনা নিয়ে একক বক্তৃতা করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সিপিডির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামান।

মারিও পিজনি বলেন, বাংলাদেশের মতো অর্থনীতির অনেক দেশে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু তাতে দেশগুলোকে উন্নত দেশ বলা যাচ্ছে না। কারণ এ ধরনের দেশগুলোতে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান হচ্ছে বেশি। ফলে কর্মীদের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে।