বনানীর আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিদেশ গমনে বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে সাফাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। এর আগে চিকিত্সার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করা হয়।
আইনজীবীরা জানিয়েছেন, চিকিত্সা শেষে সাফাত দেশে ফিরে আসবে। তবে তার অবর্তমানে মামলা কার্যক্রম চলবে। ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী। ঐ ঘটনার ৪০ দিন পর ৬ মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী।
