অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সক্ষম সবাইকে কর প্রদানের আহ্বান জানিয়েছেন। কর দিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভ্যাট দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় এ কথা বলেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঐ অনুষ্ঠানের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, আমরা কাউকে কষ্ট দেব না। কষ্ট দিতে আসিনি, লক্ষ্য সেবা করা। এই সেবা গ্রহণ করতে যদি কেউ হয়রানির শিকার হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অভিযোগ জানানোর জন্য আমার দুয়ার সব সময় খোলা আছে। কেউ যদি হয়রানির শিকার হয়, আমার কাছে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেব।
এ সময় এনবিআরের পক্ষ থেকে বলা হয়, নতুন ভ্যাট আইনটি অনলাইনভিত্তিক। পুরো প্রক্রিয়ায় অনলাইন হলে নতুন ভ্যাট আইনের সুফল পাওয়া যাবে। এনবিআর এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শীর্ষ ভ্যাট প্রদানকারী ৯ জনসহ ঢাকা জেলার শীর্ষ ২৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য জামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনবিআর সদস্য আব্দুল মান্নান শিকদার, খন্দকার আমিনুর রহমান ও ভ্যাট কমিশনার জাকিয়া সুলতানা প্রমুখ।
