আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পথচারী এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রিমা খাতুন (৩৫) কুড়িগ্রাম জেলার চিলমারী থানার খরখরিয়া ঝাকোয়াপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। এঘটনায় আহত অবস্থায় আরো তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার আশুলিয়ার খেজুরবাগান এলাকার গৌরিপুরে ন্যাচারাল সোয়েটার ভিলেজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকালে সিএনজি পাম্প থেকে দুইটি মিনি ট্রাকে বসানো সিলিন্ডার গ্যাস নিয়ে কারখানাটির গ্যাস হিটার মেশিনের মাধ্যমে বয়লারে স্থানান্তর করার সময় মেশিন ও সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে উড়ে যায় টিনশেডের চাল ও পাশে থাকা দেওয়াল। এসময় কর্মস্থলে যাওয়ার পথে ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে পথচারী নারী শ্রমিক রিমা নিহত ও আরো তিন জন আহত হন।
আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পরিদর্শক (ওসি) মাহমুদুর রহমান বলেন, গার্মেন্ট শ্রমিক নারী পথচারী নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কারখানার কাজগপত্র যাচাই ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
