বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, দেশের বিভিন্ন স্থানে যারা অবৈধ গ্যাসসংযোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল গ্রিন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানির উদ্যোগে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা বিচ্ছুরণের ফাইনাল অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধ গ্যাসসংযোগকারীরা দেশ ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। যেসব অবৈধ গ্যাসসংযোগ দেওয়া হয়েছে সেগুলো কেটে দেওয়া হচ্ছে। দেশে এখন বিদ্যুতের ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, অবৈধ গ্যাসসংযোগ সরকারের একার পক্ষে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিসহ সবাইকে এগিয়ে আসতে হবে। এর আগে অনুষ্ঠানে পাওয়ার সেল গ্রীন ডেল্টা ইনসিওরেন্স ও ইয়াং বাংলার উদ্যোগে ১০ উদ্ভাবককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়ের, গ্রিন ডেল্টা ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
