স্বর্ণকে বড়ো অর্জন বলছেন আফিফ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৪

এসএ গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

ভারত, পাকিস্তান দল পাঠায়নি। বাংলাদেশ ছাড়া এই টুর্নামেন্টে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ ছিল শ্রীলঙ্কা। তারাও অনেক নিচু সারির একটা দল পাঠিয়েছে। বাংলাদেশ সে তুলনায় যথেষ্ট অভিজ্ঞদের নিয়ে গড়া দল পাঠিয়েছিল এসএ গেমসে। ফলে স্বর্ণ জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু স্বর্ণজয়ী দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব বলছেন, এটা অনেক বড়ো অর্জন। কারণ, ওখানকার কন্ডিশনে স্বাভাবিক খেলাটা কঠিন ছিল বলে তিনি মনে করেন।

এই স্বর্ণ জয়ের পর নিজেদের মনোভাব বলতে গিয়ে আফিফ বলছিলেন, ‘আমাদের সবার জন্যই বড়ো অর্জন। শুরু থেকেই আমাদের ভাবনা ছিল, এটি অর্জন করতে পারলে আমরা অনেক খুশি হতে পারব। আমরা সবাই খুবই খুশি।’

আফিফ মনে করেন, এমন একটা গেমস থেকে পদক নিয়ে ফিরতে পারাটা অনেক বড়ো একটা ব্যাপার, ‘আমাদের সবার জন্যই বড়ো অর্জন। দেশের জন্য ভালো, এমন কিছু করার সুযোগ সবার জন্য আসে না। আমাদের জীবনে এই সময়টা এসেছে, আমরা অনেক ভাগ্যবান যে এমন একটি টুর্নামেন্ট খেলতে পেরেছি ও সাফল্য নিয়ে ফিরতে পেরেছি।’

বিশেষ করে নেপালের আবহাওয়া, ঠান্ডার সাথে মানিয়ে নিয়ে খেলাটা কঠিন ছিল বলে বলছিলেন আফিফ, ‘দেখতে যতটা সহজ মনে হয়েছে, কাজটা অতটা সহজ ছিল না। শুরুতে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে আমাদের। ঠান্ডা ছিল বেশ। উইকেট অনেকটাই আলাদা ছিল, কঠিন ছিল। রান করাটা কঠিন ছিল। সব মিলিয়ে পরে আমরা ভালো মানিয়ে নিতে পেরেছি।’

গেমসে খেলাটাও একটি বিশেষ অভিজ্ঞতা ছিল জানিয়ে বলছিলেন এই তরুণ অলরাউন্ডার, ‘আমরা এরকম টুর্নামেন্ট আগে কখনো খেলিনি। অনেক রোমাঞ্চিত ছিলাম সবাই। শুরু থেকেই সবাই চেষ্টা করেছি চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।’