বাদ পড়ল আয়াক্স, ইন্টার
স্পোর্টস ডেস্ক
লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে রেডবুল সালজবুর্গের মাঠে ২-০ গোলে জিতে শিরোপা রক্ষার লড়াইয়ে শেষ ষোলোয় যোগ দিল। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অন্য খেলাগুলোয় জিতেছে বার্সেলোনা, ন্যাপোলি, চেলসি, ভ্যালেন্সিয়া, ডর্টমুন্ড ও বেনফিকা। অপরদিকে আয়াক্স ও ইন্টারমিলান প্রতিযোগিতা থেকে বাদ পড়ে ইউরোপা লিগে গেল।
কোচ য়ুর্গেন ক্লপ দুই মিনিটের ব্যবধানে গোল দুটি দিয়ে দলকে শঙ্কামুক্ত করায় লিভারপুল খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করেন। ৫৭ ও ৫৮ মিনিটে নাবি কেইটা ও মোহামেদ সালাহ গোলগুলো দেন। অস্ট্রিয়ান চ্যাম্পিয়ন সালজবুর্গের বিরুদ্ধে জিততে না পারলে ক্লপের দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে ইউরোপা লিগে নেমে যেতে হতো।
এর পরিবর্তে লিভারপুল জয়টির সুবাদে ‘ই’ গ্রুপে ন্যাপোলির চাইতে এগিয়ে শীর্ষস্থান নিশ্চিত করলো। ন্যাপোলি নিজ মাঠে গেঙ্কের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে।
ক্লপ বলেন,‘কি রকম একটা দল। কি রকম তাদের প্রয়াস। এটা ছিল কঠিন এক খেলা। দ্বিতীয়ার্ধে তারা (সালজবুর্গ) আমাদের তীব্রতার সঙ্গে পেরে ওঠেনি। আমরা দুটো অসাধারণ গোল করেছি। আমরা ছয় কিংবা সাত গোলও করতে পারতাম যা হতো উন্মাদনা। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, আমরা খেলাটি জিতেছি, সবই ভালো’।
ন্যাপোলিকে বড়ো ব্যবধানে জিতিয়ে শেষ ষোলোয় তুললেও চাকরি হারালেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। খেলার শেষ বাঁশির পরই সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে অ্যানচেলোত্তিকে বাদ দেওয়ার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়। খেলাটি শুরুর আগেই অবশ্য ইতালির ঘরোয়া লিগের দুর্দশার প্রেক্ষিতে এই কোচ নিজের ভবিষ্যতের ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন।
বার্সেলোনা ‘এফ’ গ্রুপ থেকে আগেই গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে ফেলেছিল। তাই ইন্টার ও ডর্টমুন্ডের মধ্যে লড়াই ছিল দ্বিতীয় স্থান নিয়ে। কিন্তু বার্সেলোনার কাছে ১-২ হারে বাদ পড়তে হয় ইতালির ক্লাবটিকে। বিপরীতে ডর্টমুন্ড নিজেদের মাঠে স্লাভিয়া প্রাগকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্স হিসেবে পরের রাউন্ডে যোগ দেয়।
স্প্যানিশ ক্লাবটি ইন্টারের মাঠে তারকাদের ছাড়াই খেলতে নামে। তারপরও কার্লোস পেরেজের ২৩ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর রোমেলো লুকাকু বিরতির আগের মিনিটে সমতা ফেরান। এরপর ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন বার্সেলোনার ভবিষ্যত্ তারকা আনসু ফাতি।
এই গোলটির সুবাদে ফাতি হলেন চ্যাম্পিয়ন্স লিগে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তিনি ১৭ বছর ৪০ দিন বয়সি হিসেবে এই নজির গড়লেন।
আয়াক্স ‘এইচ’ গ্রুপে নিজ মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে। বিপরীতে ভ্যালেন্সিয়ার সঙ্গে পরের রাউন্ডে চলে যায় চেলসি। ইংলিশ ক্লাবটি ২-১ গোলে লিলেকে হারিয়েই এমন কৃতিত্ব দেখায়।
এক নজরে
সালজবুর্গ ০-২ লিভারপুল
ন্যাপোলি ৪-০ গেঙ্ক
চেলসি ২-১ লিলে
আয়াক্স ০-১ ভ্যালেন্সিয়া
ডর্টমুন্ড ২-১ স্লাভিয়া প্রাগ
ইন্টার ১-২ বার্সেলোনা
লিওঁ ২-২ লিপজিগ
বেনফিকা ৩-০ জেনিথ
