স্পোর্টস রিপোর্টার
নেপালে শেষ হওয়া ১৩তম এসএ গেমসে ব্রোঞ্জ জয়ী উর্মি আক্তার ঢাকায় অনুষ্ঠানরত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে এগিয়ে চলেছেন উর্মি আক্তার।
গতকাল সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম শহিদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় উর্মি আক্তার ১৩-২১, ২১-১৭ ও ২৫-২৩ সেটে মালয়েশিয়ার মাঈশা ইসমাইলকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। উর্মি প্রথম সেটে ১৩-২১ ব্যবধানে হেরে গিয়েও দ্বিতীয় সেটে ২১-১৭ ব্যবধানে জয় তুলে সমতায় ফেরেন। তৃতীয় সেটে দুই দফায় টাইকরে শেষ পর্যন্ত দুর্দান্তভাবে ২৫-২৩ ব্যবধানে ম্যাচ জিতে নেন উর্মি আক্তার।
আজ সকাল সাড়ে ১০টায় উর্মির প্রতিপক্ষ ভারতের ইরাশার্মা। গতকাল মঙ্গলবার প্রথম দিনে মহিলাদের বাছাই পর্বে স্বাগতিক বাংলাদেশের উর্মি আক্তার থাইল্যান্ডের এ্যাটিটায়ে প্রোভাননের বিপক্ষে ওয়াকওভার পেয়ে মূলপর্বের টিকিট পেয়েছিলেন। মহিলা বিভাগে ডাবলসে উর্মি আক্তার ও দুলালি হালদার হাড্ডাহাড্ডি লড়াই করে মালদ্বীপের রাশিদ মার্শা ও আমিনাথ শাহহুরুনাজের বিপক্ষে ২৪-২২ ও ২১-১২ সরাসরি সেটে জয় তুলে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে।
মঙ্গলবার মূল পর্বের লড়াইয়ে বাংলাদেশের গৌরব সিংহ দারুণ খেলে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিলেন। কিন্তু গতকাল মালয়েশিয়ার আদিল সোলি আলী সাদিকিনের বিরুদ্ধে গৌরবসিংহ হেরেছেন ৭-২১, ৬-২১ সেটে। অন্যদিকে মহিলা একক থেকে এলিনা সুলতানা বিদায় নিয়েছেন। ভারতের মালভিকাবানসোদের বিপক্ষে এলিনা সুলতানা ২১-৭ ও ২১-১০ সেটে হেরেছেন। টুর্নামেন্টে ১৯ দেশ লড়াই করছে।
