ফাইনালে জামালখান ও উত্তর পতেঙ্গা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

চট্টগ্রাম আন্তঃওয়ার্ড ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

জামালখান ও উত্তর পতেঙ্গা আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলবে। গতকাল বুধবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উত্তর পতেঙ্গা ২-০ গোলে চকবাজারকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অন্য সেমিফাইনালে জামালখান ওয়ার্ড টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে উত্তর পাঠানটুলী ওয়ার্ডের বিরুদ্ধে জয়লাভ করে। উত্তর পতেঙ্গা ও চকবাজার ওয়ার্ডের খেলায় গোল দুটি করেন ফাহিম ও এরশাদ আরো একাধিক গোলের সুযোগ লাভ করেছিল দলটি। কিন্তু অপরিকল্পিত শটের কারণে গোলের ব্যবধান আর বৃদ্ধি হয়নি। ভাগ্যের সহায়তা নিয়ে সেমিফাইনালে উঠে আসা চকবাজার ওয়ার্ড প্রতিপক্ষের বিপক্ষে তেমন পরিকল্পনা সাজাতে পারেনি। শেষ পর্যন্ত ফাইনালে উঠার স্বপ্ন ফিকে হয়ে যায় দলটির।

দ্বিতীয় সেমিফাইনালের নির্ধারিত সময় পর্যন্ত ১-১ ছিল খেলা। ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয় জামালখান ওয়ার্ড। টাইব্রেকারে জয়ী দলের দীপক, মামুন, শীতল, হূদয় ও ছোটন এবং বিজিত দলের সুইট, মেজবাহ, জাহিদ ও সাইফুল গোল করেন।