সব দলকে সমান বলছেন মুশফিক

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

আজ চট্টগ্রাম-খুলনা লড়াই

 স্পোর্টস রিপোর্টার

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে একটু অন্য চেহারায়। এবার সবগুলো দলের মালিকানা মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর এ কারণেই প্রায় সবগুলো দল সমান শক্তিশালী বলে বেশির ভাগ খেলোয়াড় বলছেন। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম বলছিলেন, এবার দলগুলোর পার্থক্য খুব বেশি নয়।

এই সাতটি দলের মধ্যে রাজশাহী ও ঢাকাকে কাগজে কলমে একটু এগিয়ে রেখে মুশফিক বলছিলেন, ‘এবারের দলগুলোতে খুব বেশি ১৫-২০ এর মতো কোনো টিম নেই । তবে ঢাকা , রাজশাহী কাগজে কলমে বেশি শক্তিশালী। বাকি টিম সমান শক্তিশালী। সবারই সমান সুযোগ থাকবে।’

মুশফিক বলছিলেন, তাদের দলটা ভালো হয়েছে। আর এই দল অনেকটাই চেয়ে থাকবে ব্যাটসম্যান মুশফিকের দিকে। নিজের ভালো ছন্দটা দলের কাজে লাগাতে তৈরি দেশের এই সাবেক অধিনায়ক, ‘আল্লাহর রহমতে ভালো একটা ছন্দে আছি। চেষ্টা অবশ্যই থাকবে যাতে বিপিএলে এটার সর্বোচ্চ ব্যবহার করতে পারি। আমাদের যে দল, আমি যেন ভালো একটা ভূমিকা রাখতে পারি। কারণ আমার পারফরমেন্স অনেক বড়ো একটা ভূমিকা রাখতে পারে। সঙ্গে আমরা যেন টিম হিসেবে ভালো করতে সবাই একসঙ্গে।’

নিজের দল সম্পর্কে বলতে গিয়ে মুশফিক বলছিলেন, তার দলে বড়ো বড়ো নাম না থাকলেও দলটা খুব ভারসাম্যপূর্ণ হয়েছে। বেশির ভাগ খেলোয়াড় টি-টোয়েন্টির খুব উপযুক্ত বলে তিনি বলছিলেন, ‘হয়তোবা বড়ো বড়ো নাম নেই কিন্তু যারা আছেন তারা টি টুয়েন্টির জন্য খুবই ভালো খেলোয়াড়। এমনকি তারা গত বিপিএলগুলোতেও ভালো করেছে । ফ্রাইলিংক আছেন, রাইলী রুশো আছেন, আমাদের যারা স্থানীয় আছে শফিউল, বিপ্লব, মিরাজ, শান্ত। ইনশাল্লাহ আমরা অনেক ভালো দল আর টি টুয়েন্টিতে নিজেদের দিনে যারা ভালো করবে কাগজের কলমের থেকে তারা বেশি এগিয়ে থাকবে।’

সবমিলিয়ে ভালো একটা টুর্নামেন্টের আশায় আছেন মুশফিক। বিশেষ করে সব খেলোয়াড় খেলার মধ্যে থাকায় খেলোয়াড়দের নিয়ে আশাবাদী এই সিনিয়র ব্যাটসম্যান, ‘বিপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে অনেক তরুণ খেলোয়াড় উঠে আসে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি অনেক বড়ো একটি টুর্নামেন্ট। যারা এসএ গেমসে ছিলেন তারাও খেলার মধ্যে ছিলেন। আশা করি মানিয়ে নিতে সমস্যা হবে না। সবাই এখন একসঙ্গে অনুশীলন করছে। আমাদের টিমে তিন জন ছিল। ওরা তো কম্পিটিভ ক্রিকেট খেলেছে। যারা টিমে সুযোগ পাবে অবশ্যই ভালো করবার চেষ্টা করবে। আমাদের এমন কেউ নেই যে, একাই জিতাই দিতে পারবে। তাই পুরো টিম হিসেবে ভালো খেলার দিকে বেশি ফোকাস থাকবে। সবাই মিল সমষ্টিগত পারফরম করতে হবে।’