সুজানগরে হাটে নতুন পেঁয়াজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

কমেছে দাম

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের হাট-বাজারে ব্যাপকভাবে মূলকাটা নতুন পেঁয়াজ ওঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ ওঠার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি দাম কমেছে অর্ধেক। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

উপজেলার হেমরাজপুর গ্রামের পেঁয়াজ চাষি ইকবাল হোসেন জানান, বর্তমানে অধিকাংশ কৃষক তাদের জমির মূলকাটা পেঁয়াজ উঠানো শুরু করেছেন। আগামী সপ্তাহে আরো ব্যাপকভাবে উঠানো শুরু হবে। এদিকে নতুন ঐ পেঁয়াজ ওঠার কারণে হাট-বাজারে ব্যাপকভাবে দাম কমেছে।

গতকাল বুধবার সুজানগর পৌর বাজার পেঁয়াজ হাট সরেজমিন ঘুরে জানা গেছে, পেঁয়াজের বাজারে ব্যাপক দর পতন ঘটেছে। বাজারে আগত উপজেলার গোপালপুর গ্রামের পেঁয়াজ চাষি আব্দুল মালেক বলেন গত সপ্তাহে পৌর বাজারসহ স্থানীয় হাট-বাজারে প্রতি মণ পুরোনো পেঁয়াজ বিক্রি হয়েছে ৭ থেকে সাড়ে ৮ হাজার টাকা দরে আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা দরে। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে ঐসব হাট-বাজারে প্রতি মণ পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা দরে। এ হিসাবে মণপ্রতি দাম কমেছে অর্ধেক।

পৌর বাজারের আড়তদার রবিউল ইসলাম ও ব্যবসায়ী গোলাপ হোসেন জানান, পেঁয়াজের দাম কম-বেশি নির্ভর করে আমদানির ওপর। বর্তমানে হাট-বাজারে প্রচুর পরিমাণে মূলকাটা নতুন পেঁয়াজ আমদানি হওয়ার কারণে দাম এত কমে গেছে। ফলে বর্তমানে এ হাট-বাজারে প্রতি কেজি নতুন পেঁয়াজের খুচরা মূল্য মাত্র ৫০ থেকে ৬০ টাকা আর পুরোনো পেঁয়াজের মূল্য প্রতি কেজি ১২০ থেকে ১৩০টাকা।  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন আগামী সপ্তাহ থেকে মূলকাটা নতুন পেঁয়াজ পুরোদমে ওঠা শুরু হবে। এ সময় বাজার একদম স্বাভাবিক হয়ে যাবে।