সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে: খন্দকার মোশাররফ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:০৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। গণতন্ত্র এখন বাক্সবন্দী। গত ১০ বছরে কোন নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি।

মঙ্গলবার হোমনা উপজেলার দড়িচর, রামপুর, আলীপুর, দুলাপুর, দৌলতপুর, রামকৃষ্ণপুর, চান্দেচরচর, ঘাগুটিয়া, নালাদক্ষিণ এলাকায় গণসংযোগকালে পথসভায় তিনি এ সব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষকে বিজয়ী করতে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে সরকার ভীত, অস্থির হয়ে পড়েছে। তারা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নেতাকর্মী ও সমর্থকদের কোণঠাসা করতে প্রতিনিয়ত নানাবিধ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। কিন্তু জনগণ আজকে জেগে উঠেছে, কোনো অপকৌশলই আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়া থেকে জনগণকে বিরত রাখতে পারবে না। 

তিনি আরো বলেন, এবার জনগণ ভোট কেন্দ্রে যাবে, কেন্দ্র পাহারা দেবে এবং ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবে ইনশাল্লাহ। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, বিএনপির সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর সরকার, পৌর বিএনপির সেক্রেটারি ছানাউল্লাহ, যুগ্ম-সম্পাদক ইয়ামুছা, মহিলাদল সভাপতি শেফালী বেগম, যুবদল সভাপতি শাহআলম হিমেল, ছাত্রদল সভাপতি ভিপি অহিদ প্রমুখ।

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ ও ২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী।

আরো পড়ুন: সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইত্তেফাক/জেডএইচ