চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি হলে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহায়তায় হঠাত্ অভিযানে বিপুলপরিমাণ রামদা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত বুধবার মধ্যরাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এ এফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টার এ অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে পাঁচটি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে সাতটি রামদা, চারটি বিদেশি চাপাতি ও পঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে ছয়টি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
