সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

চট্টগ্রামে মানবাধিকার দিবসের আলোচনা সভা

চট্টগ্রাম অফিস আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বছরের পর বছর সাহায্য ও আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বে যারা মানবাধিকারের বড়ো বড়ো কথা বলে তাদের দেশেই মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে মানবতার সেবায় বিশাল কাজ করে যাচ্ছে। এভাবে সরকার মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় সকলের চিন্তা-চেতনায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে।গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা (সার্বিক) প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বরিশালে কিশোরীদের স্বাস্থ্যবিধি বিষয়ে অ্যাডভোকেসি সভা

বরিশাল অফিস উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কিশোরীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারঘাটসহ বিভিন্ন জনসমাগম স্থানে এমএইচএম সুবিধাদি যুক্ত শৌচাগার উদ্বুদ্ধকরণে সচেতনতা করার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিলের (ডাব্লিউএসএসসিসি) অর্থায়নে উন্নয়ন সহযোগী টিম (ইউএসটি) এর সহায়তায় আভাসের সিইপি প্রকল্পের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন। অতিথি হিসেবে বক্তৃতা করেন চরবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহাতাব হোসেন, শায়েস্তাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা ঊর্মি, উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদ, বরিশাল সদর উপজেলা পিআইও মো. কামরুজ্জামান, উপজেলা খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং ইউএসটি প্রতিনিধি হেড অফ ট্রেনিং অ্যান্ড অ্যাডভোকেসি মানিক ইসাহাক বিশ্বাস।

গফরগাঁওয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা  ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক আবু রেজওয়ান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কলেজের শিক্ষক আনিছুর রহমান লিসান। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, শিল্পী লুত্ফুর রহমান আরজু । প্রতিযোগিতায় গফরগাঁও সরকারি কলেজ আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গফরগাঁও সরকারি কলেজের আতকিয়া সাদিয়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।

নাচোলে কম্বল বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানবিক উন্নয়ন সোসাইটি ও ধ্রুবতারার যৌথ আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী  ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার নিজামপুর ইউপির ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে সাকিল রেজার সভাপতিত্বে হতদরিদ্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ও ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বিধান সিং।

কুড়িগ্রামে ১৭টি ঘর ভস্মীভূত

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের ১৭টি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় তিনটি গরুর মৃত্যুসহ পুড়েছে সর্বস্ব। মঙ্গলবার দিবাগত মধ্যরাত একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় জনতাসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলগাছা ইউনিয়নের কমিশনার আমিনুল ইসলাম জানান, ১৭টি ঘর ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় হামিদের তিনটি গরু। এছাড়াও ছয়টি পরিবারের প্রায় ২০০ মন ধান ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

বালিয়াকান্দিতে মত্স্যবিষয়ক মতবিনিময় সভা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মত্স্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পর্যায়ে মত্স্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে ইউপি সদস্য, মত্স্যচাষি ও মত্স্যজীবীদের সঙ্গে এই মতবিনিময় সভা বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা মত্স্য দপ্তরের বাস্তবায়নে ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা মোহা. মজিনুর রহমান। অন্যদের মধ্যে উপজেলা মত্স্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রবিউল হক, ক্ষেত্রসহকারী রাওফুর মোরসালিন ও ইতি খাতুন, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ. আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রায়পুরে জালনোট প্রতিরোধে কর্মশালা

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের রায়পুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জনতা ব্যাংক রায়পুর শাখার উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত ওয়ার্কশপে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাল নোটের বিভিন্ন বিবরণ তুলে ধরে আলোকচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার উপমহাব্যবস্থাপক ছৈয়দ আহমেদ, নোয়াখালী জনতা ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন মুরশেদ, রায়পুর থানার ওসি তোয়া মিয়া ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) মো. মহসিন প্রমুখ।

মডেল ফার্মেসি-মেডিসিন শপের প্রয়োজনীয়তায় শোভাযাত্রা

নরসিংদী প্রতিনিধি  বাংলাদেশ মডেল ফার্মেসি ও মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নরসিংদী সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। নরসিংদী সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, ঔষধ তত্ত্বাবধায়ক হুমায়রা আফরোজ, এমএসএইচের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ইফতেখার আলম, বিসিডিএসের সভাপতি চিনময় সাহা বিশু, সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা বাবুল এবং মডেল মেডিসিন শপের টেনিংপ্রাপ্ত বিভিন্ন কেমিস্টবৃন্দ। সভা পরিচালনা করেন বেটার হেল্থ ইন বাংলাদশের টেকনিকেল অ্যাডভাইজার রাইয়ান আমজাদ।