ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। পেশাগত দক্ষতা উন্নয়নে এনডিসি ও এএফডব্লিউসি কোর্স খুবই গুরুত্বপূর্ণ। এসময় তিনি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ও দেশের উন্নয়নে এনডিসি কোর্সের সকল গ্র্যাজুয়েটদের কাজ করার আহ্বান জানান। তিনি মঙ্গলবার রাতে রাজধানীতে ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ আয়োজিত ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৯ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৯’ এর গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জে. শেখ মামুন খালেদ।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন মানচিত্র, পতাকা, ভূখণ্ড ও অনন্য সংবিধান পেয়েছে। যা লক্ষ প্রাণের আত্মত্যাগে রক্তের বিনিময়ে অর্জিত। তিনি জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে সকল পেশাজীবীদের মধ্যে একটি সুসংহত ঐকমত্য ও একাগ্রতা থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
স্পিকার সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য এনডিসি-২০১৯ ও এএফডব্লিউসি-২০১৯ কোর্সে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। কোর্সে বিদেশি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ খুবই ইতিবাচক উল্লেখ করে শিরীন শারমিন বলেন, এতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। এসময় তিনি কোর্সে অংশগ্রহণকারী সকল গ্র্যাজুয়েটের পেশাগত জীবনের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী ও সিভিল সার্ভিসের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এসময় ন্যাশনাল ডিফেন্স কোর্সে ৩১ জন বিদেশি প্রশিক্ষণার্থীসহ মোট ৮৫ জন, আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৭ জন প্রশিক্ষণার্থী, ফ্যাকালটি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।
