জলবায়ু পরিবর্তনের লাগাম টেনে ধরতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে কৃষি —কৃষিমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

জলবায়ু পরিবর্তনের লাগাম টেনে ধরতে না পারলে কৃষির উত্পাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে বিশ্বে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ঘূর্ণিঝড়সহ অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে, কৃষিজমি কমে যাচ্ছে। গতকাল বুধবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে আয়োজিত ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ইনভেস্টমেন্ট প্লান ও লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই প্রজেক্টে সহায়তা করছে বিশ্বব্যাংক।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার আগে পড়ে শস্য জাতীয় ফসল, মাছ ও প্রাণিজ সম্পদ খাতে। এসব খাতে ব্যাপক সাফল্য আসলেও যে কোনো সময় তা ম্লান হতে পারে। বাংলাদেশ ডেল্টা প্লান ২১০০ গ্রহণ করেছে উল্লেখ করে ড. রাজ্জাক বলেন, এর ফলে জলবায়ুজনিত সমস্যা মোকাবিলায় সক্ষম হবে। মত্স্য ও প্রাণিসম্পদ সচিব মো. রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. তৌফিক আরিফ। আরো বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চ্যান।