মিরপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন, গ্রেফতার ৬

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

মিরপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কিশোর স্কুলছাত্র সিপু আলম (১২) হাসপাতালে চিকিত্সার ১৮ দিন পর মারা গেছে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের বাবার দায়ের করা মামলায় ৬ কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৩ নভেম্বর রাত ১০টার দিকে মিরপুর শাহ আলীবাগ এলাকার কম্বাইন্ড স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সিপু আলম শাহ আলীবাগের স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। ৭৬, শাহ আলীবাগে তার বাসা। তার বাবা শাহ আলম চাকরিজীবী। সিপু তার বন্ধুদের নিয়ে কম্বাইন্ড স্কুলের সামনে লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলে। গত ২৩ নভেম্বর রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষ হওয়ার সময় একটি পয়েন্ট নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারা খেলা শেষ করে বাড়ি যাওয়ার সময় চার/পাঁজ জন বন্ধু উত্তেজিত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাপ্পু নামে এক বন্ধু লোহার পাইপ দিয়ে সিপুর মাথায় আঘাত করে। আহত সিপুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল সকালে মারা যায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। মিরপুর থানার এসআই খন্দকার মঞ্জুর রাহী বলেন, ঘটনার পর সিপুর বাবা বাদী হয়ে আয়ন, শাকিল, পাপ্পুসহ সাত জনের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেন। ঐ মামলায় অয়ন বাদে বাকি আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বয়স ১৪ বছর ও বাকিদের বয়স ১৭ বছর থেকে ১৮ বছর।