পা ফাটা ও প্রতিকার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

ডা. তানজিয়া নাহার তিনা

বাতাসে আর্দ্রতা কমে আবহাওয়া হয়ে উঠেছে শুষ্ক। আর শুষ্ক আবহাওয়ায় পা ফাটা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। বিভিন্ন কারণে পা ফাটা সমস্যা দেখা দিতে পারে। শীতের শুষ্ক আবহাওয়া, খোলা জুতা বা স্যান্ডেল ব্যবহার, খালি পায়ে হাঁটা, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, ছত্রাকের সংক্রমণ, একজিমা, সোরিয়াসিস, পানিশূন্যতা ইত্যাদি কারণে পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। এছাড়া ডায়াবেটিস কিংবা থাইরয়েড সমস্যার কারণে শীত ছাড়াও সারা বছরে পা ফাটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই শীতের এই শুষ্ক আবহাওয়ায় বিশেষভাবে যত্ন নিতে হবে পা জোরার।

খোলা জুতা বা স্যান্ডেল ব্যবহার না করে বন্ধ জুতো পড়তে হবে। বেশিক্ষণ পা পানিতে ভিজানো উচিত নয়। গোসলের পর পা মুছে গ্লিসারিন কিংবা ভ্যাসলিন ব্যবহার করলে পায়ের আর্দ্রতা বজায় থাকবে। নিয়মিত পা পরিষ্কার করতে হবে। পা পরিষ্কারে কিংবা গোসলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে শুষ্কতা বৃদ্ধি পায়। ঘরে কিংবা বাইরে নরম জুতো পরিধান করাই ভালো। অনেক সময় পায়ের গোড়ালি ফেটে সংক্রমণের সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে দেরি না করে চিকিত্সকের পরামর্শ নেওয়াই উত্তম।

লেখক :চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ