খালেদা জিয়ার জামিনের বিষয়ে হস্তক্ষেপ করছে না সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যে আন্দোলন করছে তা এ দেশের জনগণ সমর্থন করছে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। এমনকি সরকার আগেও কোনো দিন তার জামিনের ব্যাপারে হস্তক্ষেপ করেনি। তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে তাকে সর্বোচ্চ চিকিত্সা দেওয়া হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকে তার চেয়ে অনেক ভালো অবস্থানেই তিনি রয়েছেন। তার যেসব রোগ রয়েছে তা কখনোই ভালো হবার নয়, তবে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড়ো হাসপাতালে তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। বর্তমানে বিচার বিভাগ স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করছে, কোর্ট তাকে জামিন দিবে কি না, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। গতকাল বুধবার জামালপুর পুলিশ অফিসার্স ক্লাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজ্জাফর হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ডিআইজি নির্বাস চন্দ্র মাঝি ও জেলা প্রশাসক এনামুল হক। মন্ত্রী বলেন, পুলিশ শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য। আমরা ২০৪১ এর স্বপ্ন দেখছি। পুলিশকে আমরা আরো শক্তিশালী করছি। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আরো এগিয়ে যাব। দেশ আর পিছিয়ে যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। বিদেশে গেলে অনেকেই প্রশ্ন করেন আমরা কীভাবে জঙ্গি দমন করলাম? আমি বলি দেশের জনগণ সন্ত্রাস জঙ্গিবাদ সমর্থন করে না। এদেশে জনগণকে সঙ্গে নিয়েই আমরা জঙ্গি সন্ত্রাস দমন করেছি।