শাড়ি পরে নোবেল নিলেন ডুফলো, ধুতি-পাঞ্জাবিতে অভিজিত্

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২০

চলতি বছরে নোবেল পুরস্কার প্রদানের মঞ্চে বর্ণিল মাত্রা যোগ করেছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ এসথার ডুফলো এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক ব্যানার্জি। অর্থনীতিবিদ ডুফলো বাঙালি নারীদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি-ব্লাউজ পরে পুরস্কার গ্রহণ করেছেন। আর অভিজিত্ পরেছিলেন ধুতি, পাঞ্জাবি ও কুর্তি। খবর :বিবিসি।

মঙ্গলবার স্টকহোমে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্লের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। এসথার ডুফলো ও তার স্বামী অভিজিত্ ব্যানার্জি ছাড়াও এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার। পুরস্কার মঞ্চে বাঙালি সংস্কৃতির পোশাক পরে অভিজিত্ দম্পতি চমক দিলেও  নোবেল পুরস্কার গ্রহণের মঞ্চে শাড়ি পরার ঘটনা এই প্রথম নয়। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর সে বছরের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূসের সঙ্গে  যাওয়া গ্রামীণ ব্যাংকের নারী সদস্যরা শাড়ি পরে গিয়েছিলেন।

ফ্রান্সে জন্ম নেওয়া ৪৭ বছর বয়সি এসথার ডুফলো বিশ্ববিদ্যালয়ে শুরুতে ইতিহাস ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। নোবেল পুরস্কার পাওয়ার আগে জীবনে একাধিক সম্মানসূচক পুরস্কার পেয়েছেন এসথার ডুফলো। অভিজিত্ ব্যানার্জির সঙ্গে তার লেখা বই ‘পুওর ইকোনমিকস :এ র্যাডিকাল রিথিংকিং অব দ্য ওয়ে টু ফাইট পোভার্টি’ বিশ্বের ১৭টি ভাষায় অনূদিত হয়েছে।