সুপ্রিম কোর্ট চত্বরের বাইরে প্রধান সড়কের পৃথক স্থানে তিনটি মোটরসাইকেল কে বা কারা জ্বালিয়ে দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার কিছু সময় আগে মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রাত ৯টা পর্যন্ত ঐ তিন মোটরসাইকেলের মালিক খুঁজে পায়নি পুলিশ। ঘটনাটি নাশকতা কি না-তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌনে ৫টার দিকে মত্স্য ভবন মোড়ের বিপরীত দিকে অবস্থিত বার কাউন্সিল ভবনের গেটের সামনে প্রথমে একটি মোটরসাইকেল জ্বলতে দেখে পথচারীরা। এর দুই/তিন মিনিট পর হাইকোর্ট সংলগ্ন কদমফুল ফোয়ারার পাশে আরেকটি মোটরসাইকেল জ্বলতে থাকে। ঠিক একই সময় শিক্ষা ভবনের বিপরীত পাশে হাইকোর্ট মাজার গেটের অনতিদূরে আরো একটি মোটরসাইকেল জ্বলতে থাকে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তবে আগুনে তিনটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, মোটরসাইকেলের মালিক পাওয়া না গেলে, পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
