মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর বোয়ালিয়ার মো.আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার ওরফে টিপু সুলতানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধকালে রাজশাহীতে অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে ইসলামী ছাত্রসংঘ যে আলবদর ও রাজাকার বাহিনী গড়ে তুলেছিল, সে বাহিনী ছিল হিটলারের গেস্টাপো বাহিনীর মতো। আজকের রায়ের মধ্যদিয়ে সে কথাগুলোই উঠে এসেছে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে দুটি অভিযোগ ছিল। দালিলিক প্রমাণাদি দিয়ে দুটি অভিযোগই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামির আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, এই রায়ে সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
রায় ঘোষণার আগে এজলাসে এসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত ২০১৭ সালের ২ মে টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। তদন্ত শেষে গত বছরের ২৭ মার্চ ছাত্রশিবিরের এই সাবেক নেতার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়। গত বছরের ২৯ মে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ৮ আগস্ট অভিযোগ গঠনের মধ্যদিয়ে টিপু সুলতানের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
