রাজ্যসভায় অমুসলিমদের নাগরিকত্ব বিল

ত্রিপুরা ও আসামে তুমুল বিক্ষোভ কারফিউ জারি, সেনা মোতায়েন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:২২

ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশের পর গতকাল রাজ্যসভায় পেশ করা হয়েছে। এই বিল পাশ করতে যখন বিজেপি তথা এনডিএ জোট তত্পর তখন বিজেপি শাসিত দুই রাজ্য আসাম ও ত্রিপুরা বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দুই রাজ্যে একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। গুয়াহাটিতে জারি হয়েছে কারফিউ। বহু জায়গায় বন্ধ করে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। দুই রাজ্যেই সেনা মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

গতকাল সারাদিন বিক্ষোভে উত্তাল ছিল উত্তর-পূর্বের দুই রাজ্য আসাম ও ত্রিপুরা। পরিস্থিতি সামলাতে দুই       রাজ্যেই সেনা নামানো হয়েছে। সেনা মোতায়েন করা হয়েছে ত্রিপুরার কাঞ্চনপুর ও মনু এলাকায়। আসামের বঙ্গাইগাও এবং ডিবরগড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সৈন্যরা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবেন। পাশাপাশি উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকা দখলে রাখতে রুট মার্চ করবে।

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে ধর্মঘট সমর্থকদের হটাতে পুলিশকে শূন্যে ১০ রাউন্ড গুলি ছুড়তে হয় বলে জানান এসডিএম অভেদানন্দ বৈদ্য। কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকায় আতঙ্কিত অ-জনজাতি বাসিন্দারা বাড়ি ফিরতে না পেরে থানায় এসে আশ্রয় নেন। দশদা স্কুলে আশ্রয় নেয় ৭০ পরিবার। তাদেরকে বাংলাদেশে ফিরে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। বিলের প্রতিবাদে গুয়াহাটিতেও রাস্তায় নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদে সামিল হয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও আসাম ইঞ্জিনিয়ারিং কলেজসহ বেশিরভাগ কলেজের ছাত্র-ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে যাবতীয় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। রাতের দিকে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

উত্তর ত্রিপুরার ধলাই জেলার মনুঘাট এবং ৮২ মাইল বাজারে একের পর এক দোকানে আগুন লাগান বিক্ষোভকারীরা। ভাঙচুর করে লুটপাট চালানো হয়। তাদের আক্রমণে কৃপাসিন্ধু চক্রবর্তী নামে এক ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ শতাধিক অবরোধকারীকে গ্রেফতার করেছে। গুজব ছড়ানো আটকাতে ত্রিপুরায় মোবাইল, ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সিপাহিজলায় বন্ধ সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখায় দু’বছর বয়সী একটি অসুস্থ শিশুর মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। গত সোমবার লোকসভায় অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিলটি পাশ হয়। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে যাওয়া মুসলিম বাদে অন্য ধর্মের লোকদের নাগরিকত্ব দিতেই এই বিল।