নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ মানছুরা (২৫) ও তার শিশুপুত্র আসিব (৪) নিহত হয়েছে। মানছুরা নরসিংদীর মাধবদী থানাধীন কান্দাইল গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী এবং স্থানীয় দুপ্তারা ইউপির রাঘবদী এলাকার রহমতপুর দারুল উলুম রহমানিয়া মাদ্রাসার শিক্ষিকা। মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার সাতগ্রাম ইউপির শিমুলতলী এলাকায় ঘটে এ ঘটনা। বুধবার সকালে তাদের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দুজনকে দাফন করা হয়। কাঁচপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোজ্জাফর জানান, নরসিংদী থেকে একটি বাসযোগে মানছুরা তার সন্তান আসিবকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এক সময়ে তাদের বাসটি অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়। উপজেলার শিমুলতলী এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। খাদে পড়ার আগে প্রবল ঝাঁকুনিতে বাসের খোলা দরজা দিয়ে মানছুরার সন্তান আসিব রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মানছুরা সন্তানকে রক্ষা করতে বাস থেকে ঝাঁপিয়ে পড়েন। দুর্ভাগ্যক্রমে মা ও সন্তান দুই জনই ঐ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। বাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত আরো পাঁচ
নোয়াখালী : উপজেলার সোনাপুর-কবিরহাট সড়কের অশ্বদিয়ার ওয়াপদা ব্রিজের কাছে ট্রাক ও সিএজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএজি যাত্রী ঐ এলাকার আইয়বপুর গ্রামের জাবেদ (২০), রিপন (২৩) ও নাঈমের (১৯) মৃত্যু হয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়ায় পুকুরের মাটিবাহী ট্রাকের চাপায় জুলহক আলী (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বাঙ্গালা ইউনিয়নের পিয়ারা মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে পিয়ারাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং ঘোনা কুচিয়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পবার দারুশার ডায়িংপাড়া গ্রামের সাহিদুলের ছেলে। গতকাল নগরীর সিটি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
