চট্টগ্রামে চলন্ত বাস থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০০:৪৩

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর শাহ আমানত সেতু এলাকায় চলন্ত বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল হোসেন।

পুলিশ জানায়, এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করায় বাসের অন্য যাত্রীরা ইসমাইল হোসেনকে মারতে উদ্যত হয়। এ সময় আত্মরক্ষার জন্য সে চলন্ত বাস থেকে লাফিয়ে নামতে যায়। ভারসাম্য রক্ষা করতে না পারায় বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসমাইলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

বাকলিয়া থানার ওসি জানান, ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালকের সহকারী আজিজ প্রকাশ সাকিব ও দুই নারী যাত্রীসহ চার জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।