সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় ৩৩ জেলেকে আটক করেছেন হরিণগর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার ভোরের দিকে সুন্দরবনে মান্দারবাড়িয়া সংলগ্ন বেয়ালা অভয়ারণ্য খাল থেকে জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহূত ১৩টি নৌকা, একটি ট্রলার, পাঁচ মণ মাছ, ১৫০টি আটন ও ২৪টি জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করে নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
হরিণগর নৌপুলিশ ফাঁড়ির অফিস ইনচার্জ ওসি জিয়াউর রহমান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মান্দারবাড়িয়া সংলগ্ন বেয়ালা অভয়ারণ্য খালে অভিযান চালিয়ে ১৩টি নৌকা, ৩৩ জন জেলেসহ একটি ট্রলার আটক করে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার, নৌপুলিশ খুলনা অঞ্চল, খুলনা জিয়া উদ্দীন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে সার্বিক পরিবেশ সমন্বত রাখতে নৌপুলিশের টহল অব্যাহত থাকবে। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান বলেন, নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ ধরা দুঃখজনক।
