মিরসরাইয়ে গাছের নিচে চাপা পড়ে রিজিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের কলাতলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম জোরারগঞ্জ ইউনিয়নের কলাতলি গ্রামের মৃত মুজিবুল হকের মেয়ে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, কলাতলি গ্রামের একটি বাগানে গাছ কাটার সময় দুর্ঘটনাবশত রিজিয়া বেগম নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. ইসমাইল বলেন, গাছের চাপায় নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। থানায় অপমৃত্যুর মামলা হবে।
