শক্তি নয় টেকনিকই শানাকার মূল অস্ত্র

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

বঙ্গবন্ধু বিপিএলের কম শক্তিধর দলগুলোর তালিকায় ধরা হয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্সকে। গত বুধবার রংপুর রেঞ্জার্সের বিরুদ্ধে কুমিল্লার শুরুটাও ছিল বিপর্যস্ত। ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। তখনই ভোজবাজির মতো দৃশ্যপট বদলে দেন দলের অধিনায়ক দাসুন শানাকা। তার খুনে ব্যাটিংয়ে বড়ো স্কোর গড়ে কুমিল্লা। ছক্কা বৃষ্টিতে মিরপুর স্টেডিয়াম কাঁপিয়ে দেন তিনি।

শানাকার ৯ ছক্কায় করেন ৩১ বলে অপরাজিত ৭৫ রানই কার্যত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। কুমিল্লার ৭ উইকেটে ১৭৩ রানের জবাবে শানাকার রানটাই করতে পারেনি রংপুর। ৬৮ রানে থামে দলটি। ইনিংসের শেষ দুই ওভারে সাতটি ছক্কা মারেন শানাকা। যার মধ্যে মুস্তাফিজকে মারেন টানা চার বলে চারটি ছক্কা। একবার বল পাঠিয়েছিলেন স্টেডিয়ামের বাইরে। শেষ ওভারে জুনায়েদ খানকেও তিনটি ছক্কা মারেন তিনি। ম্যাচের পর ২২ গজে তোলার ছক্কা বৃষ্টির রহস্য জানিয়েছেন শানাকা।

শক্তির চেয়ে টেকনিকের ওপরই বেশি গুরুত্ব দেন এই লঙ্কান অলরাউন্ডার। গত বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শানাকা বলেছিলেন, ‘পাওয়ার আসে ট্রেনিং থেকে। দেশে আমি কঠোর পরিশ্রম করি। এটা সেই পরিশ্রমেরই ফল।’ যদিও ক্যারিবিয়ানদের মতো দীর্ঘদেহী নন শানাকা। ছক্কা মারার মন্ত্র সম্পর্কে তিনি বলেছেন, ‘ছক্কার ট্রেনিং খুব বেশি আমি করি না। আমি টেকনিক নিয়েই বেশি কাজ করি। ক্যারিয়ারের শুরুতে আমার টেকনিক ভালো ছিল না। এজন্য আমি এমন টেকনিক রপ্ত করেছি যেটা আমার খেলার ধরনের সঙ্গে যায়। শক্তিই সবকিছু নয়। টেকনিকও বড়ো ভূমিকা রাখে। আমি তো খুব স্বাস্থ্যবান নই। ছক্কার ক্ষেত্রে স্কিল ও টেকনিক বড়ো ভূমিকা রাখে।’

মুস্তাফিজকে তুলোধুনো করার বিষয়েও কথা বলেছেন শানাকা। টানা চার ছক্কা মারাটা উপভোগ করেছেন তিনি। বলেছিলেন, ‘এর চেয়ে বড়ো ছক্কা আমি মেরেছি। তবে হ্যাঁ, ঐ শট আমি উপভোগ করেছি। আমি ওকে (মুস্তাফিজ) তিন-চার বার খেলেছি। তাই জানতাম, ওর পরিকল্পনা কেমন হতে পারে। আমি অপেক্ষা করছিলাম ওর বাজে বলের জন্য।’

রংপুরের বিরুদ্ধে পাওয়া ১০৫ রানের জয়ে দারুণ উজ্জীবিত এখন কুমিল্লা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের বিরুদ্ধে খেলবে কুমিল্লা। সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

গতকাল ঐচ্ছিক অনুশীলনে দলের মিডল অর্ডার ব্যাটসম্যান ডেউইড মালান বলেছেন, শানাকা ভালো করলেও দলের বাকি সবাইকে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।

গতকাল বিসিবি একাডেমি মাঠে মালান বলেছেন, ‘আমরা এখন ঢাকার বিরুদ্ধে পরের ম্যাচের দিকেই তাকিয়ে আছি। কাগজে-কলমে তারা খুব ভালো দল। তাদের বোলিং আক্রমণও ভালো। গত ম্যাচের চেয়ে আমাদের ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে।’ জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই কুমিল্লার টার্গেট। মালান বলেছেন, ‘আমাদের অধিনায়ক গত ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে এবং আমরা ১৭৪ রান করেছিলাম। আমাদের অন্য সবাইকেও ঢাকার বিরুদ্ধে ভালো খেলতে হবে। আমরা ম্যাচ জিতেছিলাম এটা ভালো লক্ষণ। এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। টুর্নামেন্টের শুরু হলেও আমাদের দল ভালোই করছে। চ্যালেঞ্জ আসবে যখন আপনার দল ভালো করবে না। আশা করি আমরা দল হিসেবে এগিয়ে যাব এবং উন্নতি করব, জয়ের ধারাবাহিকতায় থাকাটা অনেক উপভোগ্য হবে।’