এসএ গেমসে ব্রোঞ্জ জয়ী উর্মি আক্তারের ইনজুরির কারণে একক ও দ্বৈতে বাংলাদেশ ওয়াকওভার দিয়েছে। খেলতে পারেনি প্রিকোয়ার্টার ফাইনালে। গতকাল এককে ভারতের বিপক্ষে উর্মির খেলা ছিল। আর দ্বৈতে দুলালী হালদারকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়াকওভার দিতে হয়েছে। ব্যাডমিন্টন ফেডারেশন জানিয়েছে বুধবার খেলতে গিয়ে উর্মি তার পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। কিন্তু সেটি তার কোচকে জানাননি। এমনকি বরফও লাগাননি। চিকিত্সা না নেওয়ার কারণে গতকাল উর্মির পায়ের গোড়ালির ব্যথা আরো বেড়ে যায়। ব্যথা লুকিয়ে রাখতে পারেননি উর্মি আক্তার। গতকাল প্রিকোয়ার্টার ফাইনালের আগে বাধ্য হয়ে ওয়াকওভার দিতে হয়। সেই সঙ্গে তার দ্বৈতের জুটি দুলালী হালদার হতাশ হন। উর্মির কারণে দুলালী ম্যাচবঞ্চিত হন। লড়াই হতে বঞ্চিত হয় বাংলাদেশ। মালয়েশিয়া ওয়াকওভার পায়।
মহিলা বিভাগে এলিনা সুলতানা ও শাপলা আক্তার দ্বৈতে ২-০ সেটে ভারতের বিপক্ষে হেরেছে। মিক্সড ডাবলস জুটি শোভা খন্দকার ও বৃষ্টি খাতুন মালয়েশিয়ার বিপক্ষে ওয়াকওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পুরুষ দ্বৈতে আবদুল হামিদ লোকমান ও গৌরব সিংহ ভারতের কাছে হেরে বিদায় নেন।
