সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের যে টিমকে আহ্বান জানানো হবে, সেই টিমের সঙ্গে রোহিঙ্গাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। তারা যাতে স্বচক্ষে দেখে যেতে পারে। সম্প্রতি মিয়ানমার সফরে এটিসহ সাতটি বিষয় নিয়ে মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে বলে তিনি জানান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বহরে নতুন চারটি ডায়মন্ড ডিএ ফরটি এনজি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। আধুনিক সেনাবাহিনীর সঙ্গে সামঞ্জস্যতা রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে রয়েছে সেসনা-১৫২ এ্যারোব্যাট, সেসনা গ্রান্ড ক্যারাভান সিই-২০৮বি বিমান, বেল-২০৬ এল ৪ হেলিকপ্টার, ইউরোকপ্টার ডফিন এএস ৩৬৫ এন৩+, এমআই ১৭১ এস এইচ হেলিকপ্টার এবং কাসা সি-২৯৫ ডব্লিউ বিমান।
