শাহজালাল বিমানবন্দরে হচ্ছে অত্যাধুনিক ৩য় টার্মিনাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৫

আগামী ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক এগিয়ে যাওয়ার পথে সিভিল অ্যাভিয়েশনের অনেক অবদান রয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কার্যক্রম সঠিক পথে অগ্রসর হচ্ছে। ২০২৩ সালের মাঝামাঝি ৩য় টার্মিনালের কাজ সম্পন্ন হবে। এই টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের। টার্মিনালের ভেতরে সব কিছু থাকবে অটোমেটিক। এতে করে যাত্রীসাধারণের ভোগান্তি থাকবে না। অন্য এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমার এখানে অনিয়ম নাই এ কথা বলব না, আমি চেষ্টা করছি অনিয়ম প্রতিরোধ করতে। এর আগে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। বাকিরা যদি কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, জাইকা ফান্ডের এ প্রোজেক্ট তারা এডিসি নামের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ৩য় এই টার্মিনালের ব্যয় ধরা হয়েছে ২১ হাজার কোটি টাকা। সভায় উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান (সদস্য প্রশাসন), মো. মিজানুর রহমান (সদস্য অর্থ), মো. শহীদুজ্জামান ফারুকী (সদস্য নিরাপত্তা), এয়ার কমডোর খালিদ হাসান (সদস্য পরিচালনা ও পরিকল্পনা ), গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান (সদস্য এটিএম), গ্রুপ ক্যাপ্টেন মো. জিয়াউল কবীর (সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) সুধেন্দু বিকাশ গোস্বামী (প্রধান প্রকৌশলী) প্রমুখ।