জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘কোনো অনৈতিক কাজের জন্য যদি কেউ জেল খাটে, সে দায়দায়িত্ব আমরা নেব না। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি চেয়ে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছে। এ রকম ঘটনা শিবচরের মতো জায়গায় আশা করা যায় না। ঐ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি জড়িত থাকে তাকেও বহিষ্কার করা হবে। ’বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা সমিতির আয়োজনে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। এছাড়া জনপ্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিবচর উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, শিবচরে শিক্ষার মান অনেক ভালো। তারপরও কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, এটা দুঃখজনক। বর্তমানে শিক্ষকদের যেই সুযোগ-সুবিধা সরকার দিচ্ছেন, তারপরও কেন শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের জন্য অতিরিক্ত ৫০০ টাকা করে নেওয়ার দরকার? মিলাদের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়াটা অন্যায়। পরে বিকালে প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি ও বিশেষ অতিথি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।
