বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহী-নাটোর মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল ঐ মহাসড়কের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের পাপলু (৩২) ও আব্দুল হাদি (৩০)।

মাগুরা : মাগুরায় ট্রাকের ধাক্কায় দুই নছিমন আরোহী নিহত এবং অপর তিন জন আহত হয়েছেন। গতকাল সদর উপজেলা কাটাখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার কালীনগরের অঞ্জন কুমার অধিকারী (৪৫) ও মাগুরা পৌর এলাকার বরুনাতৈলের মোতালেব বিশ্বাস (৬০)।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়নগরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় নুর আলম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের প্রবাসী মহিবুল আলমের ছেলে। গতকাল কেনা বুধন্তি সড়কের কেনা মহিবুলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক রফিকুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি নরসিংদীর মাধবদী খালপাড় এলাকার। গতকাল পুরিন্দা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।