ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাশ হওয়ার ২৪ ঘণ্টার ভেতর তা নিয়ে আইনি লড়াই শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। ঐ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে আইইউএমএল। আনন্দবাজার পত্রিকা
সিএবি নিয়ে আইইউএমএল-এর তরফে শেষ পর্যন্ত শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করা হলে, তা হবে ঐ বিলের বিরুদ্ধে প্রথম আইনি যুদ্ধ। যদিও, সংসদে সিএবি পাশ হলে তা নিয়ে আইনি লড়াই শুরু করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল আইইউএমএল। ঐ দলটির নেতাদের অভিযোগ, সংবিধানে উল্লিখিত সমানাধিকারের বিরুদ্ধে ঐ বিল। বুধবার রাজ্যসভায় পাশ হয় এ বিলটি। মোট ২২৪ জন সাংসদের মধ্যে ঐ বিলের পক্ষে ভোট দেন ১২৫ দন। বিপক্ষে ছিলেন ৯৯ জন। আর এভাবেই ঐ বিল শেষ পর্যন্ত পাশ করিয়ে নেয় শাসকদল। যদিও ঐ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। বিলটি নিয়ে মুসলিম সমাজ আতঙ্কিত বলে উদ্বেগ প্রকাশ করেন বহু বিরোধী সাংসদ। তবে, ঐ বিলে মুসলিমদের আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যসভায় পাশ হওয়ার পর কোনো বিল আইনে পরিণত হতে হলে তাতে রাষ্ট্রপতির সইয়ের প্রয়োজন হয়। তার আগেই শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছে আইইউএমএল।
